আলো ডেস্ক:
পটুয়াখালীতে সদর উপজেলায় দ্বিতীয় বিয়ে ও তালাক নিয়ে কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাত ৩টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর বলইকাঠী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ।
নিহত নূরজাহান বেগম (৪৫) ওই গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তাদের পুত্রবধূ রোজি আক্তার ও স্বজনরা জানান, দ্বিতীয় বিয়ে করা নিয়ে নূর মোহাম্মদ ও নূরজাহান বেগমের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার রাতে দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন নূর মোহাম্মদ। কিন্তু নূরজাহান বেগম তাতে অস্বীকৃতি জানালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি হয়।
এক পর্যায়ে পুত্রবধূ ও স্বজনদের মধ্যস্থতায় স্ত্রীর কাছে ক্ষমা চান নূর মোহাম্মদ। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে নূরজাহান বেগমের গলা কেটে পালিয়ে যান নূর মোহাম্মদ।
ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, এ ঘটনার খবর পেয়ে পরে পাশের গ্রাম থেকে স্বামী নূর মোহাম্মদকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
