বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী পালন
আলো ডেস্ক
রাজশাহীতে বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৬ জুন) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও অন্যান্য সংগঠনের সাথে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দোয়া মোনাজাত করা হয়।
শ্রদ্ধানিবেদন শেষে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন শহীদ এএইচএম কামারুজ্জামান। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুর নির্দেশে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
লিটন বলেন, দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নির্দেশে তিনি প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের অভ্যন্তরে এএইচএম কামারুজ্জামানসহ আরো জাতীয় তিন নেতাকে হত্যা করে ঘাতকেরা।
