আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব স্থাপনার মধ্যে একটি মসজিদ ও বাড়িও আছে। শুক্রবার (১৪ জুন) সকালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিরিয়াত শমোনার আশপাশের এলাকায় প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, এ সময় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। খবর আনাদোলু এজেন্সির।
ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, বিভিন্ন এলাকায় বেশি কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর হয়নি।
এই নিয়ে টানা তিন দিন ধরে লেবানন-ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সংঘাতের আরও বিস্তৃতি ঘটল।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখের বেশি। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তেও হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলা চলছে।
