রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার
রাজশাহী অ্যাডভোকেট বার এ্যাসোসিয়েসনের পুরাতন কমিটিকে অবৈধ ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় ১নং পুরাতন বার ভবনের নিচ তলায় এক তলবী সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন রাজশাহী জেলা জজ আদালতের পিপি এডভোকেট মোজাফফর হোসেন।
১১ সদস্যের এই কমিটির অধিকাংশ আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট এএইচএম খায়রুজ্জামান লিটনের সম্মতিক্রমে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো: আসাদুজ্জামান এ কমিটির অনুমোদন করেছেন বলে জানান নতুন কমিটির আহ্বায়ক বজলে তৌহিদ আল হাসান বাবলা।
নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন এডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা, যুগ্ম আহ্বায়ক এন্তাজুল হক বাবু ও আব্দুল ওহাব জেমস, সদস্য সচিব মো: শাহজাহান, সদস্য হিসেবে স্থান পেয়েছেন নাজমুল হক মিন্টু, আসাদুজ্জামান মিঠু, রাশেদুন্নবী আহসান, নাসিরা বানু রিতা, মলয় কুমার ঘোষ, শামিম আখতার হৃদয় ও জিয়াউর রহমান জিয়া।
এ ছাড়াও ২ সদস্য বিশিষ্ট বেনোভলেন্ট ফান্ড কমিটি গঠন করা হয়েছে।এডভোকেট আখতারুল আলম বাবুকে আহ্বায়ক এবং এন্তাজুল হক বাবুকে সদস্য সচিব করা হয়েছে।
রাজশাহী আইনজীবী সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন সম্পর্কে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো: আসাদুজ্জামান আসাদ বলেন, রাজশাহী বারের নির্বাচন পরবর্তি সংকট নিয়ে মতবিনিময় করতে কিছু আইনজীবী আমার কাছে এসেছিলেন।আমি তাদের কাছে মুক্তিযুদ্ধের পক্ষের এবং ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর নাম লিখিতভাবে প্রস্তাব করেছি।সেটা গ্রহন হবেকিনা সেটা আমার জানা নাই।তবে আইনজীবীদের ব্যাপারে আমি কোন সিদ্ধান্ত দেইনি।
নতুন কমিটির দায়ীত্ব গ্রহন সম্পর্কে আহ্বায়ক বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, আমরা বর্তমান দায়ীত্বরত সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে দায়ীত্ব হস্তান্তরের ব্যাপারে কথা বলেছি।আগামীকালের মধ্যে দায়ীত্ব হস্তান্তর করার কথা।তারা সহজেই দায়ীত্ব ছাড়বেন বলে আমার মনে হয়না।
নতুন আহ্বায়ক কমিটি গঠন সম্পর্কে রাজশাহী আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
এ সম্পর্কে রাজশাহী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, আজকে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা আইনসম্মত নয়।
