সংগৃহীত ছবি
স্পোর্টস ডেস্ক
এক দশক পর বিশ্বকাপে ফেরাটা নেপালের জন্য সুখের হয়নি। আগে ব্যাটিং করতে নেমে অল্পতেই শেষ হয়েছে তাদের ইনিংস। তবে মামুলি লক্ষ্যে জয়ের জন্য নেদারল্যান্ডসকে করতে হয়েছে কঠিন লড়াই। শেষপর্যন্ত জয়ও পেয়েছে ডাচরা।
মঙ্গলবার (৪ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। নেপালের দেয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা।
ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেছেন ডাচ ব্যাটার ম্যাক্স ও’দাউদ। ৪৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি। তবে বল হাতে ডাচদের জয়ের ভিত গড়ে দিয়েছেন টিম প্রিঙ্গেল। ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচসেরার পুরস্কারটাও গেছে তার হাতেই।
নেপালের বিশ্বকাপ প্রত্যাবর্তন ম্যাচ দেখতে মঙ্গলবার ডালাসে নেপালি দর্শকদের ঢল নামে। নেপাল জয় না পেলেও সমর্থনে কোনো কমতি রাখেননি তারা। নেপালের প্রতিটি বাউন্ডারি এবং বোলিংয়ের সময় প্রতিটি উইকেট এবং ভালো ফিল্ডিংয়েও উৎসাহ যুগিয়েছেন তারা। তবে ঘরের মাঠের মতো সমর্থন পেয়েও কাজে লাগাতে পারেনি নেপাল।
১০৭ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ের শুরুটা ভালো করে রোহিতের দল। দ্বিতীয় ওভারে ডাচ ওপেনার মাইকেল লেভিটকে দীপেন্দ্র সিং এইরের ক্যাচ বানিয়ে ফেরান সোমপাল কামি। তবে দলকে সতর্কতার সাথে এগিয়ে নিতে থাকেন ও’দাউদ এবং বিক্রমজিত সিং।
২২ রান করে ফিরে যান বিক্রম সিং, দলীয় ৭১ রানে রানআউট হয়ে ফেরেন সিব্রান্ড এঙ্গেলব্রেখটও। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে এক প্রান্ত আগলে দলকে টেনে নেন ও’দাউদ।
শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডসের ওপর চাপ তৈরি করে নেপাল। ১৮তম ওভারে নেপাল অধিনায়ক রোহিত যদি ও’দাউদের সহজ ক্যাচ ফেলে না দিতেন, তবে ম্যাচটা আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারত। জীবন পেয়ে নেপালকে অবশ্য আর কোনো সুযোগ দেননি ও’দাউদ। ১৯ তম ওভারে পরপর দুই বলে এক ছক্কা এবং এক চার মেরে জয় নিশ্চিত করেন এই ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি নেপালের। ৪ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন আসিফ শেখ। ডাচদের প্রথম উইকেট এনে দিয়েছেন প্রিঙ্গেল। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম বলে কুশল কুশাল ভুর্তেলকে ফেরান লোগান ফন বিক।
দ্রুত উইকেট হারানোর পর নেপালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক পাউডেল এবং অনিল শাহ। তৃতীয় উইকেটে ২৫ রানের জুটি গড়েন তারা। পুরো নেপালি ইনিংসে সেটিং সর্বোচ্চ রানের জুটি। ১১ রান করা অনিলকে ফেরান প্রিঙ্গেল।
অনিলের বিদায়ের পর এক প্রান্তে উইকেট হারাতে থাকে নেপাল। কুশল মাল্লা, দীপেন্দ্র সিং এইরে এবং সোমপাল কামিরা টিকতে পারেননি বেশিক্ষণ। একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন পাউডেল। প্রিঙ্গেলের স্পেলের শেষ বলে তিনিও ফেরেন ক্যাচ দিয়ে। ৩৭ বলে ৩৫ রান করেছেন নেপাল অধিনায়ক। শেষদিকে কারান কেসির ১২ বলে ১৭ রানের ওপর ভর করে কোনোমতে ১০৬ রান করে নেপাল।
