আলো ডেস্ক
জামায়াত সম্পর্কে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অযৌক্তিক। এটি স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জামায়াতের রাজনীতি বিজ্ঞানসম্মত বলে দাবি করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে সোমবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থি। রাজনীতির এ ধারা বার বার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে।
কাদের আরও বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে রচিত সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনাবিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত হানে, তাদের কৌশলও কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেয়ার দূরভিসন্ধি প্রকাশিত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিবের বক্তব্যে এ কথা আবারও প্রমাণিত হয়েছে যে, তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সাথে বিএনপির গভীর বন্ধন রয়েছে।
তিনি বলেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশে স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলো। ঐতিহাসিকভাবেই বিএনপির সাথে স্বাধীনতাবিরোধী এই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে। যে কারণে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করেন এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন।
ওবায়দুল কাদের আরও বলেন, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রেই আবর্তিত। তারা স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শবিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনো স্বীকৃতি দেয়নি- ভবিষ্যতেও দেবে না বলে তার বক্তব্যে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, রবিবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র শিবিরের প্রশংসা করেন তার বক্তব্যে। একইসাথে জামায়াতের রাজনীতি বিজ্ঞানসম্মত বলেও দাবি করেন বিএনপির সিনিয়র এ নেতা।
