স্পোর্টস ডেস্ক
লন্ডনে আরও একবার রিয়াল মাদ্রিদ প্রমাণ করলো কেনো তারাই ইউরোপিয়ান ফুটবলের রাজা। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ১৯৮১ সালের পর ফাইনালে কখনো হারেনি রিয়াল। এবারও ধারাটা বদলায়নি। টনি ক্রুস আর লুকা মডরিচকে বিদায়ী উপহার দেওয়া যেমন ছিল এবারের উপলক্ষ্য। সেখানে ২৭ বছর পর বরুশিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন ছিল নস্যি। হলোও তাই।
শনিবার (১ জুন) রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে ২-০ ব্যবধানে সহজ জয় এনে দিয়েছেন। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ১৮তম ফাইনালে এটি রিয়ালের ১৫তম শিরোপা।
প্রথমার্ধের নাজুক পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছে স্প্যানিশ ক্লাবটি। ৯ মিনিটের ব্যবধানে তুলে নিয়েছে দুই গোল। দানি কার্ভাহাল এবং ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ২-০ গোলে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করল রিয়াল মাদ্রিদ। তিন বছরের ব্যবধানে এটি তাদের দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে প্যারিসে জয় করেছিল লিভারপুলের বিপক্ষে। মাঝে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারালেও, ২০২৪ সালে ঠিকই পুনরায় শিরোপা ঘরে তুলছে তারা।
একাদশে দুটি পরিবর্তন এনেছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। চোট পাওয়া অঁরেলিয়ে চুয়ামেনির জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গা এবং পোস্টে আন্দ্রেই লুনিনের জায়গায় থিবো কোর্তোয়া। ডর্টমুন্ড কোচ এদিন তেরজিচ একাদশ পাল্টাননি। চ্যাম্পিয়নস লিগে নিজেদের সর্বশেষ তিন ম্যাচের একাদশেই ভরসা রেখেছেন।
ম্যাচের প্রথমার্ধে অন্তত তিন গোলের লিড নিতে পারত বুরুশিয়া ডর্টমুন্ড। গোলমিসের মহড়ায় নিজেদের কপাল পুড়িয়েছে নিজেরাই। ম্যাচশেষে নিশ্চিতভাবেই সেই আক্ষেপটাই বড় হয়ে থাকবে করিম আদিয়েমি, হুলিয়ান ব্রান্টদের।
রিয়াল সেভাবে গতির সঞ্চার করতে না পারলেও প্রথমার্ধের খেলায় যথেষ্ট রোমাঞ্চ ছিল। গতি ছিল, বিশেষ করে ডর্টমুন্ডের খেলায়। ৩৫ মিনিটে ডর্টমুন্ড গোলকিপার গ্রেগর কোবেলেকে অযথা ফাউল করে হলুদ কার্ড দেখেন। ব্রাজিলিয়ান তারকা উইং ধরে দু-একটি ভালো আক্রমণ করলেও রিয়াল মূলত ভুগেছে আদেয়েমির গতির নাগাল না পাওয়ায়। প্রথমার্ধে রিয়ালের স্পষ্ট মাথাব্যথা ছিলেন ডর্টমুন্ডের এই উইঙ্গার। এই অর্ধে পোস্টে ৮টি শট রেখেও গোলের দেখা পায়নি জার্মান ক্লাবটি। রিয়াল ২টি শট রাখলেও কোর্তোয়ার দুটি সেভ এই অর্ধে তাদের সেরা খেলা।
বিরতির পর অবশ্য অন্য গল্প।
প্রথমার্ধে চাপের মুখে থাকলেও রিয়ালের খেলোয়াড়দের মাথা ঠান্ডা ছিল। কেউ অপ্রত্যাশিত ভুল করে বসেননি। বায়ার্ন মিউনিখ কিংবা ম্যানচেস্টার সিটির সমর্থকদের কাছে মনে হতে পারে এ তো চেনা গল্প! রিয়াল চাপে থাকলেও গোল করে জেতে। আর সেই সম্ভাবনাই উঁকি দিতে শুরু করে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৪৯ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক দারুণ দক্ষতায় ঠেকান কোবেল। ততক্ষণে ধার বেড়েছে রিয়ালের খেলার।
পরের ২০ মিনিটের মধ্যে দানি কারবাহল, ভিনিসিয়ুস গোলের সুযোগ নষ্ট করেন। গোল পেতে মরিয়া ডর্টমুন্ড কোচ তেরজিচ ৭২ মিনিটে আদেয়েমিকে তুলে মার্কো রয়েসকে নামান। মঞ্চ তখন যেন পরিপূর্ণ। একদিকে ক্রুস, অন্য দিকে রয়েস; দুজনেরই নিজ নিজ ক্লাবের হয়ে শেষ ম্যাচ। ক্রুসের তো ক্লাব ক্যারিয়ারেই শেষ ম্যাচ। ভাগ্য বোধ হয় সেজন্য জার্মান কিংবদন্তির প্রতি প্রসন্ন হয়।
ডর্টমুন্ডের এক খেলোয়াড়ের ভুল ক্লিয়ারেন্সে ৭৪ মিনিটে কর্নার পায় রিয়াল। ক্রুসের কর্নার থেকে হেডে গোল করেন কারভাহাল। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল এবং তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে ডর্টমুন্ডের রক্ষণ।
৮৩ মিনিটে ভিনিসিয়ুস ম্যাচের শেষ গোলটি করার আগে ডর্টমুন্ড গোলকিপার কোবেল অন্তত তিনটি ভালো সেভ করেন। মাতসেনের ভুল পাস ধরে জুড বেলিংহামের পাস থেকে সহজ প্লেসিং শটে গোল করে ব্যালন ডি’অরের ওপর দাবিটা আরেকটু জোরাল করেন ভিনি।
ডর্টমুন্ড এরপর অবশ্য বল একবার জালে পাঠিয়েছিল। হেডে ফুলক্রুগ গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। গ্যালারিতে রিয়ালের সাদা শিবির ততক্ষণে উৎসব করতে শুরু করেছে। তার মাঝেই অবশ্য বেজেছে বিদায় রাগিনী। ৮৫ মিনিটে ক্রুসকে তুলে লুকা মদরিচকে মাঠে নামান আনচেলত্তি। ভিনিকে আলিঙ্গন করে ক্রুস যখন মাঠ ছাড়ছিলেন রিয়ালের সমর্থকেরা করতালিতে তাঁকে ভাসিয়ে দেন। ক্লাব ক্যারিয়ারে শেষ মুহূতে ক্রুসের মুখে তখন বিজয়ীর হাসি।
সেই হাসি রিয়ালকে ১৫তম ইউরোপসেরার মুকুট এনে দেওয়ার তৃপ্তিমাখা।
