আলো ডেস্ক
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী। এছাড়া পবিত্র হজ পালন করতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫১ হাজার ৩৫৯ জন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।
রবিবার (২ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হেল্পডেস্কে তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭১টি, সৌদি এয়ারলাইনসের ৪৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৬৫ দশমিক ৪ শতাংশ, আর মোট হজযাত্রীদের মধ্যে ৬৫ শতাংশ সৌদি পৌঁছেছেন।
এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। সর্বশেষ মক্কার নুরুল আলম (৬৫) নামে একজন মারা গেছেন। এনিয়ে চলতি বছরের যারা গেছেন মোট ৯ জন। এর মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুইজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।
এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সাথে যাবেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।
