সংগৃহীত ছবি
আলো ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে চলেছেন। তার থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।
শনিবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, স্বাধীনতার পক্ষে বলার জন্য নজরুলকেও কারাবরণ করতে হয়েছিল। আমাদেরও এখন নির্যাতন, কারাবরণ করতে হচ্ছে।
জাতীয় কবি সবসময় প্রাসঙ্গিক মন্তব্য করে রিজভী বলেন, ‘তার বলা পথে বহুমাত্রিক বৈশিষ্ট্যসহ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমাদের লড়াই চলবে।’ রিজভীর সাথে দলের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) অবিভক্ত বাংলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
