আলো ডেস্ক
ভারতে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ নৃশংস হত্যার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছেন ভারতের পুলিশের একটি স্পেশাল টিম।
বৃহস্পতিবার (২৩ মে) ভারতীয় পুলিশের এই বিশেষ টিমের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সূত্র।
বাংলাদেশে আসার পর তারা কোথায় যাবেন বা কী করবেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, তারা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার জট খুলছে না এখনো। তার ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীনের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এছাড়া আনারের মরদেহ পাওয়া নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কলকাতা পুলিশের ধারণা, আনারকে সঞ্জীভা গার্ডেনে হত্যা করার পর মরদেহ টুকরো টুকরো করার পর অন্য কোথাও সরিয়ে নেয়া হয়েছে। খণ্ডিত মরদেহ এখনো খুঁজে পায়নি পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এরমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। কলকাতায় খুন হলেও, তার হত্যাকারীরা বাংলাদেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ১২ মে ভারতের কলকাতায় যাওয়ার পর দিন ১৪ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের এই সংসদ সদস্য। চিকিৎসার কথা বলে পরিবারের কাছ থেকে বিদায় নেয়ার পর আনার ১২ মে দর্শনা–গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান।
কলকাতায় তিনি উঠেছিলেন দীর্ঘদিনের পরিচিত বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। দুইদিন সেখানে থাকার পর ১৪ তারিখ তিনি গোপালকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, আজই ফিরে আসবেন। তবে তার পরদিনও আনার না ফেরায় গোপাল নিখোঁজ ডায়েরি করেন।
এরপর বুধবার সকালের দিকে তার খুনের খবর সামনে আসে। জানা যায়, কলকাতার কাছেই নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের (ব্লক ৫৬ বিইউ) একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় বেশকিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এসব তথ্য দুই দেশের পুলিশের সাথে শেয়ার করা হয়েছে। ভারতীয় পুলিশের একটি স্পেশাল টিম তদন্তের জন্য আজ ঢাকায় আসার কথা রয়েছে। তবে কত সদস্যের দল ঢাকায় আসবে তা এখনো জানা যায়নি।
এর আগে, বুধবার (২২ মে) সকালে গণমাধ্যম সূত্রে প্রথম খবর ছড়ায়, বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার শিকার হয়েছেন।
