আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ১৯০ মিলিয়ন পাউন্ডের এক ভূমি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। জামিন পেলেও কারাগার থেকে বের হতে পারবেন না তিনি। অন্য দুই মামলায় তাকে জেলেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা।
বুধবার (১৫ মে) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরি এ রায় দেন। খবর দ্য ডনের।
ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী থাকাকালীন একজন আবাসন ব্যবসায়ীকে অবৈধ উপায়ে সহায়তা করায় তার কাছ থেকে উপহার স্বরূপ জমিটি পান ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি। যদিও বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন ইমরান। পরে ইসলামাবাদ হাইকোর্টের কাছে জামিনের আবেদন করেন তিনি।
পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে গত সপ্তাহে নতুন এ মামলায় অভিযুক্ত করা হয়।
ইমরান খানের দলের আইনজীবী নাইম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জামিনের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আরও দুই মামলায় জামিন না মেলায় ইমরান খানকে কারাগারে থাকতে হবে। এর একটি হলো রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং অন্যটি হলো ইসলামী আইন লংঘন করে বিয়ে করা।
গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তবে এরই মধ্যে দুই মামলার সাজা স্থগিত করা হয়েছে।
পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে। একইসাথে তার স্ত্রী বুশরা বিবিও কারাগারে রয়েছেন। ২০১৮ সালে বেআইনিভাবে ইমরান খানকে বিয়ে করার অভিযোগ এনে কারাগারে রাখা হয়েছে তাকে।
