স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণায় সবার পিছিয়ে বাংলাদেশ ও পাকিস্তান। এবার ১৯তম দল হিসেবে বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশ। চোটে থাকা তাসকিন আহমেদ সহ অধিনায়ক করেই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাদ পড়েছেন সাইফউদ্দিন।
মঙ্গলবার (১৪ মে) মিরপুরে ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
চোটে পড়া তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স। এ ছাড়া সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনকে স্কোয়াডে রাখা হয়নি। সিরিজের শুরুতে ভালো করলেও শেষ দিকে কিছুটা খরুচে ছিলেন সাইফউদ্দিন। তাকে বাদ দিয়ে পেসার তানজিম সাকিবকে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে।
যথারীতি বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।
ঘোষিত স্কোয়াডে দেখা গেছে, ব্যাটার রাখা হয়েছে ৮ জন। এর মধ্যে তিন জন ওপেনার- লিটন দাস, তানজিদ তামিম ও সৌম্য সরকার। বাকি ৫ ব্যাটার হলেন- নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক।
স্কোয়াডে পেস বোলার রাখা হয়েছে ৪ জন। তাসকিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া দলে স্পিনার রাখা হয়েছে ৪ জন। বাকি স্পিনাররা হলেন- শেখ মেহদি, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে পেসার হাসান মাহমুদ ও মিডল অর্ডার ব্যাটার আফিফকে রাখা হয়েছে। জানা গেছে, বিসিবি থেকে ক্রিকেট অপারেশন্সেকে তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।
রিজার্ভ : আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।
