সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক
সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোটকেন্দ্রে ঢোকার সময় বাধা দেওয়ায় এক ভোটারকে চড় দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধানসভার এমএলএ শিবকুমার। ওই ভোটারও দমে যাননি।
ভারতের চতুর্থ দফার নির্বাচনে সোমবার (১৩ মে) দেশটির অন্ধ্রপ্রদেশের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়েছে, ভিআইপি হিসেবে ভোটের সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোটকেন্দ্রে ঢোকার সময় চড়কাণ্ডটি ঘটে। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধানসভার এমএলএ শিবকুমার এক ভোটারকে চড় দেন। এর বিপরীতে ওই ভোটারও তাকে চড় মেরে বসেন। তারপরপরই ভোটারকে মারধর করতে শুরু করেন শিবকুমারের লোকজন।
তবে, ঘটনার সময় ভোটারকে রক্ষায় নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তাকে এগিয়ে আসতে দেখা যায়নি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কেন কী কারণে ঘটনাটি ঘটে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় দেশটির নাগরিকরা ভিআইপি সংস্কৃতির সমালোচনা করে ওই আইনপ্রণেতার শাস্তির দাবি জানান। তারা বলেছেন, একজন আইনপ্রণেতা ভোটকেন্দ্রে গিয়ে ভোটারের সাথে এই ধরনের আচরণ করতে পারেন না।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের লোকসভার ২৫টি আসন ও বিধানসভার ১৭৫টি আসনে সোমবার ভোট হচ্ছে। নির্বাচনে ওয়াইএস জগন মোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি সরকার বিজেপি এবং এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টির জোটের বিরুদ্ধে লড়াই করছে।
