সংগৃহীত ছবি
আলো ডেস্ক
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৪ মে) সকালে মিছিলটি রাজধানীর মিরপুর ১০ নম্বর থেকে শুরু হয়ে কাজীপাড়া এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। ইতিমধ্যে তারা আমাদের পঁয়ত্রিশ হাজার ভাই-বোনকে অন্যায়ভাবে হত্যা করে শহিদ করেছে। আটাত্তর হাজার ভাই-বোন তাদের হামলায় আহত ও পঙ্গুত্ব বরণ করেছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, পানি সবদিক থেকে নির্যাতনের স্বীকার হচ্ছে আমাদের ভাইয়েরা। খাদ্যের অভাবে ফিলিস্তিনি জনগণ হাহাকার করছে, মৃত্যুবরণ করছে। এমতাবস্থায় একজন মুসলিম হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না।
তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশবাসীকে একত্রিত হয়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও তার দোসর আমেরিকা ও ইন্ডিয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। একই সাথে তাদের সাথে সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইন্ডিয়া ও ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে। আমাদের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ও সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সর্বশেষ তিনি ফিলিস্তিনি মুসলিমদের জন্য আল্লাহর কাছে সকলকে সাহায্য প্রার্থনা করার আহ্বান জানান।
