সংগৃহীত ছবি
আলো ডেস্ক
ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত ‘অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্যবৃদ্ধি নয়, জ্বালানি সুবিচার চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জ্বালানি খাত নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) দাতা সংস্থাগুলোর ভর্তুকি কমানোর যে পরামর্শ, তার বিপরীতে জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয় করা দরকার।
আর ক্যাব জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা প্রতিরোধ করতে হবে। এটি করা গেলে ও ন্যূনতম ব্যয়ে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নীতিমালা করা হলে এ খাতে ঘাটতিতে থাকা ৪০ হাজার কোটি টাকা মূল্যবৃদ্ধি ছাড়াই সমন্বয় করা সম্ভব।
সরকারি মালিকানাধীন কোনো কোম্পানির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করা যাবে না জানিয়ে তিনি আরও বলেন, দ্বিতীয় তেল শোধনাগার এস আলম গ্রুপের সাথে নয়, সরকারের একক মালিকানায় থাকতে হবে।
