সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় মঞ্চে হঠাৎ জ্ঞান হারালেন। উপস্থিত নেতাকর্মীরা ছুটে এসে তাকে ধরাধরি করে মঞ্চ থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
বুধবার (২৪ এপ্রিল) ভারতের মহারাষ্ট্র প্রদেশের এক জনসভায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্র প্রদেশের নির্বাচনী সভায় বক্তৃতা করার এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী নিতিন। মঞ্চেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মুহূর্তে তার দেহরক্ষী ও দলীয় নেতারা ছুটে এসে তাকে ধরেন। মঞ্চ থেকে নিচে নামিয়ে প্রাথমিক চিকিৎসার কিছু সময় পর জ্ঞান ফেরে তার। এরপর আবারও মঞ্চে উঠে নিজের বক্তৃতা শেষ করেন তিনি।
অতিরিক্ত গরমের কারণেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন মন্ত্রী, এমনটাই ধারণা দলীয় নেতাকর্মীর।
পরবর্তীতে নিতিন নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। এতে লেখেন, গরমের কারণে অস্বস্তি বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এখন পুরোপুরি সুস্থ আছেন।
চিকিৎসকের কথায় অত্যাধিক গরমের কারণেই সাময়িক জ্ঞান হারিয়ে ফেলেন নিতিন। যদিও কিছু ক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে তাঁর। বর্তমানে তিনি সুস্থই আছেন। তাঁর শরীরে অন্য কোনও জটিলতা রয়েছে কি না তা পরীক্ষা করার পরেই বলা সম্ভব হবে বলে মনে করেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, নিতিন এ বার বিজেপির টিকিটে নাগপুর লোকসভা আসন থেকে লড়ছেন। প্রথম দফাতেই ওই কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। ২০১৪ সাল থেকে ওই আসন থেকে জিতেই সাংসদ হয়েছেন তিনি।
