সংগৃহীত ছবি
স্পোর্টস ডেস্ক
চলতি বছরের জুনেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত এই আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এই মেগা আসরে অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসেবে কিংবদন্তী অ্যাথলেট উসাইন বোল্টের নাম ঘোষণা করেছে আইসিসি।
আটবারের অলিপম্পিকে স্বর্ণজয়ী বোল্টের আগ্রহ ছিলো ক্রিকেটের প্রতি। তবে স্প্রিন্টে বেশি মনোযোগ দেয়ার কারণে আর খেলা হয়নি ক্রিকেট। তবে এবার প্রিয় খেলার সাথে যুক্ত থাকার সুযোগ পেলেন বিশ্বের দ্রুততম মানবখ্যাত এই জ্যামাইকান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বোল্ট। ক্রিকেট নিয়ে তার আবেগের কথাও জানিয়েছেন আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়ায় আমি রোমাঞ্চিত। ক্রিকেট আমার জীবনের একটা অংশ, খেলাটি সব সময় আমার হৃদয়ের বিশেষ এক জায়গা নিয়ে আছে। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের অংশ হতে পেরে নিজেকে সম্মানিতবোধ করছি। বিশ্বকাপে শক্তি ও উদ্যম নিয়ে কাজ করতে এবং সারা বিশ্বে খেলাটি ছড়িয়ে দিতে উন্মুখ হয়ে আছি।’
আগামী জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আসরে অংশ নেবে মোট ২০টি দল। আসরকে পুরো বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতেই বোল্টের মতো জনপ্রিয় অ্যাথলেটকে শুভেচ্ছা দূত হিসেবে বেছে নিয়েছে আইসিসি।
২০১৭ সালে ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানান বোল্ট। বিদায়ের আগে নিজেকে ক্রীড়াঙ্গনের কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন জ্যামাইকান স্প্রিন্টার। ২০০৪ এথেন্স অলিম্পিকে দিয়ে শুরু করা মহাতারকা বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার শেষ করেন মাত্র ৯.৫৮ সেকেন্ডে। তার সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে। এ ছাড়া তিনটি অলিম্পিকে ১০০ এবং ২০০ মিটার স্বর্ণ জেতা একমাত্র অ্যাথলেটও তিনি।
