স্পোর্টস ডেস্ক
‘ক্রিকেট ঈশ্বর’ তকমাটা ভারতীয় ক্রিকেটের বরপুত্র শচীন রমেশ টেন্ডুলকারকে দিয়ে রেখেছে ক্রিকেট প্রেমিরা। এই ঈশ্বর শব্দটায় অনেকের আপত্তি থাকতে পারে, তবে আদতে তিনি তাই। ভারতে ক্রিকেট ধর্ম হলে, ঈশ্বর তো শচীনই হবেন। তার খেলা মানেই স্টেডিয়ামে জনসমুদ্র। মুম্বাইয়ে জন্মগ্রহণ করা কোঁকড়ানো চুলের ছেলেটা যে একসময় ক্রিকেটকে রাজত্ব করবে তা কে চিন্তা করেছিলো। ক্রিকেট মাঠে ২৪ বছর শাসন করা সেই ছেলেটির নাম শচীন রমেশ টেন্ডুলকার। আজ ৫১ বছরে পা দিলেন তিনি।
মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় লিটল মাস্টারের। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচ খেলে করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান। সেই সঙ্গে করেছেন ১০০টি শতক। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩০ হাজারের বেশি রান এবং ২০০ এর বেশি উইকেট রয়েছে তার ঝুলিতে। এটি ছিলো শচীনের পরিসংখ্যানের হালকা একটু ঝলক।
২৪ বছরের ক্রিকেটে ক্যারিয়ারে শচীন ভারতকে অনেক কিছু দিয়েছেন। গড়েছেন এমন কিছু রেকর্ড, যা আদৌ কেউ ভাঙতে পারবেন কি না তা সন্দেহ আছে। সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড কিংবা সর্বোচ্চ রানের রেকর্ড সবকিছুতেই তিনি ছিলেন সবার ধরাছোঁয়ার বাইরে। তার রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না।
সর্বাধিক ম্যাচ
২৪ বছরের ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার মোট ৬৬৪টি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত কোন ক্রিকেটার এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। শুধুমাত্র ২০০টি টেস্ট ম্যাচই খেলেছেন শচীন। সেই রেকর্ডও কারও নেই। সেই সাথে ৪৬৩টি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান
৬৬৪টি ম্যাচ খেলে ৪৮.৫২ গড়ে মোট ৩৪,৩৫৭ রান করেছেন শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি শতরান করেছেন তিনি। রয়েছে ২৬৪টি অর্ধশতক। ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন শচীন।
