আলো ডেস্ক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে ২ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
রবিবার (২১ এপ্রিল) মামলাটি চার্জ শুনানির জন্য ছিলো। কিন্তু এদিন সম্রাট অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আফরোজা শাহনাজ পারভীন (হীরা) শুনানির পেছানোর আবেদন করেন।
ঢাকার বিশেষ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক মো. ইকবাল হোসেনের আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির এ তারিখ ঠিক করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।
২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
