সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) ইস্তাম্বুলে এই দুই নেতা প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যমগুলো।
সংবাদমাধ্যমগুলো বলছে, হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলের দোলমাবাখ প্রাসাদে স্বাগত জানানো হয়। এ সময় তার সাথে তার প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন। যার মধ্যে ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাশালও।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি জানিয়েছে, এরদোয়ান ও হানিয়া গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন।
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। ইসমাইল হানিয়ার সাথে বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন তিনি। এতে এরদোয়ান বলেছেন, এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ঐকবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এবং জয়ের পথটি ঐক্য এবং অখণ্ডতার ওপর নির্ভরশীল।
হানিয়ার সাথে এরদোয়ানের এ বৈঠকটি ভালোভাবে নেয়নি দখলদার ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এ বৈঠকের নিন্দা জানিয়েছেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে আসছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে থাকবেন তিনি এবং তার দেশ।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজায় ইসরায়েলের হামলার কট্টর সমালোচক মুসলিম দেশ তুরস্ক। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে বেশ শক্তভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন এরদোয়ান। এ ছাড়া প্রায় প্রতিদিন ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলাধুনা করছেন তিনি। একই সাথে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের জন্য পশ্চিমাদের নিন্দা করেছেন তিনি। পাশাপাশি তেল আবিবের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আঙ্কারা।
