আলো ডেস্ক
রাজধানী মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ নামে পঞ্চাশোর্ধ্ব এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
জানা যায়, আব্দুল ওয়াদুদ রাতে কাজ শেষে সকালে বাসায় ফিরছিলেন। মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। মালিবাগ পশ্চিম হাজীপাড়ার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। পুলিশ জানায়, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
