আলো ডেস্ক: বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার সম্প্রচার নীতিমালার সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’ উল্লেখ করে তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে করা রিট আবেদনের চূড়ান্ত শুনানির জন্য আগামী বছরের ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. একলাছ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. একলাছ উদ্দিন ভূঁইয়া। ২০১৭ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। ওই সময় রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছিলেন আদালত।
রুলে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওইদিন রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
ওই সময় আদালত তথ্যসচিব, বাণিজ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিটিআরসির চেয়ারম্যান, বিটিভির মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছিলেন।
রিটকারী পক্ষের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, বিদেশে সম্প্রচার হওয়া বাংলাদেশের চ্যানেলগুলোতে চব্বিশ ঘণ্টা সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার হয়। কোনো বিজ্ঞাপন সম্প্রচার হয় না। অথচ বাংলাদেশে সম্প্রচারিত সব বিদেশি চ্যানেলে দেশি-বিদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে।
এটা ‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’ এর লঙ্ঘন। ওই আইন লঙ্ঘনের অভিযোগেই ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করা হয়। একলাছ ভূঁইয়া বলেন, এ আইন অনুসারে পরবর্তীতে ২০১০ সালে তথ্য মন্ত্রণালয় একটি বিধিমালা তৈরি করে।
সেখানেও বিধি-নিষেধের বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু সম্প্রতি বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলে অহরহ বিজ্ঞাপন প্রচার হচ্ছে। কিছু কোম্পানিও বিজ্ঞাপন দিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করছে। দেশি চ্যানেলে ভ্যাট/ট্যাক্স দিয়ে বিজ্ঞাপন প্রচার হলেও বিদেশি চ্যানেলে সেটি হচ্ছে না। এতে দেশীয় টিভি চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
