ছবি সংগৃহীত
আলো ডেস্ক
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করেছে নদী পূজা। আজ শনিবার (২০ এপ্রিল) সকালে বান্দরবান রাজ পরিবারের আয়োজনে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্যদিয়ে এই উৎসবের শুরু হয়।
শোভাযাত্রায় বান্দরবান বোমাং রাজার পুত্র রাজকুমার চসিংপ্রু বনির নেতৃত্বে রাজপরিবারের সদস্য, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারিসহ (পাড়া প্রধান) বৌদ্ধ ধর্মাবলম্বী পূজারীরা অংশ নেন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানী পাড়া সাংগু নদীর তীরে গিয়ে সমবেত হয়।
শোভাযাত্রা শেষে সাংগু নদীর তীরে বটগাছ ও নদীর পানিতে পূজা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় মিষ্টান্নসহ বিভিন্ন রকমের ফল উৎসর্গ করার পাশাপাশি মোমবাতি ও ধুপ জ্বালিয়ে পূজারীরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
এ সময় নদীর ধারে বাঁশের তৈরি মাচাংয়ের ওপরে ফুল বিসর্জন করে দেবতার উদ্দেশে পূজা করা হয়। পরে সবাই পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরে পৃথিবীতে সুখে-শান্তিতে বসবাসের জন্য বিশেষ প্রার্থণায় মিলিত হন।
উল্লেখ্য, কথিত আছে, এক সময় সবুজে ঘেরা বান্দরবানের পাহাড় পরিবেশে অশুভ শক্তি প্রভাব বিস্তার করত। এতে পাড়ার বাসিন্দারা বিভিন্ন সময়ে নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত থাকতেন। তাই আদিকাল থেকে পাড়াবাসী বিশ্বাস করে আসছে অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে নদী পূজা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আর তাই প্রতিবছরই বৈশাখ মাসে মারমা সম্প্রদায়ের নববর্ষ ও সাংগ্রাইং উৎসব শেষে বান্দরবান রাজপরিবারের পক্ষ থেকে এই নদী পূজার আয়োজন করা হয়। আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা সবাই এই আয়োজনে সামিল হয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সবার মঙ্গল প্রার্থণা করেন।
