ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক
ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে প্রকাশ পেয়েছিল ফারহান আহমেদ জোভান অভিনীত ঈদ নাটক ‘রূপান্তর’। তবে রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত রূপান্তর নাটকটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান। মূলত এ নাটকটি নিয়ে নানাভাবে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়।
গতকাল মঙ্গলবার দিনভর এই নাটক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলতে থাকে। নাটকের পক্ষে বিপক্ষে কথাও চলতে থাকে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হলো।
সামাজিক মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মনগড়া কথা বলছেন। অন্য একটি পক্ষ দাবি করছে, ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে।
এরইমধ্যে এই নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন ভুল স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। তারা বলছে,তারা ভুলবশত বিজ্ঞাপন দিয়েছে এই নাটকে।
এ বিষয়ে নাটকের পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। ফলে নাটকটি নিয়ে কী ধরণের জটিলতা তৈরি হয়েছে, কেনইবা ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো তা জানা যায়নি।
এই নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নিহার আহমেদ। নাটকটি প্রযোজনা করেছিল একান্ন মিডিয়া।
