আলো ডেস্ক: মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের আন্ডারচর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাবর্ষণ ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে।
এতে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর উচ্চবিদ্যালয় কেন্দ্রে একই সময় স্বতন্ত্র প্রার্থী মুরাদ সর্দার ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান সেলিম গেলে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন অন্তত শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স, র্যাব ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সকাল ১০টা থেকে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে অন্তত ১০ জন আহত হন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়। পরে বিবেচনা করে ভোট নেওয়া হয়। সাহেবরামপুর ছাড়াও আরও ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলে।
