ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কইরানের ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে ইসরায়েল দেশটির পারমাণবিক চুল্লি ও গবেষণাকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা।
খবর- রয়টার্স।
সোমবার (১৫ এপ্রিল) তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) মঙ্গলবার ইরানি স্থাপনাগুলো পরিদর্শন পুনরায় শুরু করবে।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে হামলা চালায় ইসরায়েল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় কনস্যুলেট ভবনটি। হামলায় নিহত হন দেশটির শীর্ষস্থানীয় দুই সামরিক কর্মকর্তাসহ ৭ জন। জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের হামলার জবাবে এবার দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, মঙ্গলবার থেকে আবারও ইরানের পারমাণবিক কর্মসূচী পর্যবেক্ষণ শুরু করবে সংস্থাটি। ইসরায়েলের হামলার পূর্বাভাস পেয়ে ইরান তাদের শক্তিকেন্দ্র ও গবেষণাকেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছিল রবিবার। সোমবারে সেগুলো খুললেও সতর্কতাবশত আইএইএ পরিদর্শকদের ঢুকতে দেওয়া হয়নি সেখানে। মঙ্গলবার থেকে আবারও যথারীতি পরিদর্শন শুরু হবে।
প্রসঙ্গত, আইএইএ নিয়মিত ইরানের পরমাণু কর্মসূচীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচী শান্তিপূর্ণ, পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে তাদের কোনো পরিকল্পনা বা অভিপ্রায় নেই। তবে পশ্চিমা দেশগুলো এ বিষয়ে সন্দেহ ও উদ্বেগ প্রকাশ করে থাকে।
