আলো ডেস্ক
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা।
আজ সোমবার (৮ এপ্রিল) সকালে বাংলাবন্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদুল ফিতর, শবে কদর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটিসহ আজ ৮ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মোট ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনের চেকপোস্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
জানা যায়, দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন তথা বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড অয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই ৮ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ এপ্রিল সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা বলেন, ঈদ উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সব সেবা প্রদান অব্যাহত থাকবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন, ঈদ উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
