ছবি সংগৃহীত
আলো ডেস্ক
হঠাৎ করে মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, হঠাৎ করে কারা জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিল। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। গণপরিবহণের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি।
তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিল আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞাসা করা উচিত ছিল। তারা কিন্তু আসল জায়গায় যায়নি।
এ সময় বান্দবানের পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, প্রশাসন দৃষ্টি রেখেছে। তবে, এ বিষয় নিয়ে গোটা পার্বতী চট্টগ্রাম অশান্ত হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত, সরকার তা খতিয়ে দেখছে।
আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
