ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাবার মৃত্যুর পর মারা গেলেন ছেলেও। রোববার ( ৩১ মার্চ) রাত ১১টার দিকে মারা যান ছেলে অন্তর মালো।
সোমবার (০১ এপ্রিল) সকালে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন- শংকর মালো (৪২) ও তার ছেলে অন্তর মালো (২০)। তাদের বাড়ি সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শংকর মালো। আহত ছেলে অন্তর মালোকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
তিনি আরও বলেন, মোটরসাইকেলযোগে বাবা-ছেলে মধুখালীর দিকে যাচ্ছিলেন। তবে কীভাবে কীসের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
