ছবি সংগৃহীত
আলো ডেস্ক
মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এদের একজনের নাম হাসান আলী (১৯), অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সোমবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিলে নির্মাণাধীন ইমপেক্ট স্কুলের অদুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী (১৯)। সে চাঁদবিল গ্রামের সবজি ব্যবসায়ী লিটন আলীর ছেলে। অন্যজনের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসান আলীসহ দুজন বাইসাইকেলযোগে চাঁদবিল গ্রাম থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস (গো-খাদ্য) কাটার জন্য যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এঘটনায় পুলিশ ট্রাকচালক মাগুড়া জেলার বাবুল হোসেনকে আটক ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। এছাড়া ট্রাক চালককে আটক ও আলামত হিসেবে বাইসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
