আলো ডেস্ক
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক নাজিমুল হক নাজিম (৫৮) মারা গেছেন। ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি ইন্তেকাল করেছেন। হৃদরোগ, কিডনি জটিলতা ও ফুসফুসের প্রদাহজনিত কারণে বেশ কিছুদিন ধরে নাজিম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে জেলার ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
নাজিমুল হক নাজিম বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি’র কাউন্সিলর ছিলেন। শেরপুর জেলা শহরের গৃর্দানারায়ণপুর এলাকার বাসিন্দা নাজিমুল হক নাজিম সাবেক ছাত্রনেতা নাজিম নামে সর্বজনবিদিত ছিলেন। ছাত্রজীবনে তিনি বাকশালের জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু , সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রমুখ।
