ছবি সংগৃহীত
আলো ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীনতা দিয়ে যাননি, ভবিষ্যতের স্বপ্নও দেখিয়ে গেছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়ন হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়।
পরিবেশমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাঙালি স্বাধীন হলেও শত্রুমুক্ত হয়নি। না হলে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হত না। জাতির পিতা ও জাতীয় চার নেতাকে হত্যা করা হত না। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য এবং জাতির পিতা ও চার নেতা হত্যা করে নেতৃত্বশূন্য করা হয়েছে।
হেনরি কিসিঞ্জারের মন্তব্য ভুল প্রমাণ হয়েছে উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, আজ বাংলাদেশের অর্থনৈতিক সফলতা প্রমাণ করে বঙ্গবন্ধু কতটা দূরদর্শী ছিলেন। দল, মত, বর্ণ নির্বিশেষে সবাইকে এক মঞ্চে নিয়ে আসেন তিনি। তার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।
তিনি বলেন, সংবিধানে ৫ম সংশোধনীর মাধ্যমে ‘সংগ্রাম’ হয়ে গেল ‘যুদ্ধ’, ‘মুক্তি’ হয়ে স্বাধীনতা বলা হলো, এটা থেকে বোঝা যায় বাংলাদেশ নামক রাষ্ট্রের যে বৈশিষ্ট্য তা বিনষ্ট করার চেষ্টা করা হয়েছিল।
ইতিহাস নিয়ে বিতর্কের সুযোগ নেই মন্তব্য করে সাবের হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা রাজনীতি করছে তাদের মধ্যে ভিন্নতা থাকা উচিত নয়। পরিকল্পনা, চিন্তা-ভাবনায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু যেটা ইতিহাস তা স্বীকার করে নিতে হবে।
পরিবেশমন্ত্রী বলেন, শুধু মুখে মুখে নয়, বঙ্গবন্ধু বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নের মাধ্যমে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে।
