সংগৃহীত
আলো ডেস্ক
পুরোনো শত্রুতার জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধরা হলেন—আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামীম (২৫), মুক্তার হোসেন (৬০), নুর হোসেন (২৪), আরিফ (৯) ও রোমান (২০)। গুলিব্ধিরা সবাই মোশারফ হোসেনের অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা শর্টগানের ছোঁড়া ছররা গুলিতে আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে রোববার (২৪ মার্চ) রাতেও উভয়পক্ষের মধ্যে মারামারি হয় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কায়েতপাড়ায় রফিকুল ইসলাম ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের দ্বন্দ্ব পুরোনো। এলাকায় জমি বেচাকেনার ব্যবসা নিয়ে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
গত রোববার (২৪ মার্চ) রাতে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলামের অনুসারী নাওড়ার বাসিন্দা নাজমুল নামে এক যুবককে পিটিয়ে আহত করে মোশারফের অনুসারীরা। এই ঘটনার জেরে সোমবার (২৫ মার্চ) সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষ এই সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মোশারফ হোসেনের ছেলে নিরব হোসেন অভিযোগ করেন, সকালে মোশারফ হোসেনের বাড়ি ঘেরাও করে রফিকুল ইসলাম, তার ভাই মিজানুর রহমানসহ তাদের অনুসারী লোকজন। তবে, আগের রাতে হামলার অভিযোগ অস্বীকার করেন নিরব।
অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, তিনি ঢাকায় আছেন। সংঘর্ষের ঘটনায় তিনি কিংবা তার পরিচিত কেউ জড়িত নন বলে দাবি করেন তিনি।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাওড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন।
তিনি জানান, রোববার রাতে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জেরে সকালেও তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি।
