ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক
নব্বইয়ের দশক থেকে চুটিয়ে হিন্দি সিনেমাতে কাজ করেছেন রানি মুখার্জি। অভিনেত্রী হিসাবে যে বহুমুখী প্রতিভার অধিকারিণী, তার প্রমাণ রেখেছেন বিভিন্ন ঘরানার ছবিতে।
তবে, ক্যারিয়ারের মধ্যগগণে থাকাকালীনই যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার কারণ সর্ম্পকে কখনোই মুখ খোলেননি এই দম্পতি। তবে, সম্প্রতি এক সাক্ষাতকারে আদিত্য চোপড়াকে বিয়ের কারণ খোলাসা করেন এই অভিনেত্রী। এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
এত বছর পর স্বামী আদিত্য চোপড়াকে নিয়ে রানি বলেন, “ও খুব ভালো মানুষ। যেটা আমি আদির মধ্যে দেখি, সেটা ও যেমন দুর্দান্ত মানুষ, তেমনই ভালো ওর নেতৃত্ব দেয়ার ক্ষমতা।’’ পরে রানির সংযোজন, ‘‘আদি খুব স্বচ্ছ মানুষ। ওর নীতিবোধ অসম্ভব সজাগ। আমি এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। যদিও এই ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করতেই হত, তা হলে আদি ছাড়া অন্য কেউ নয়।’’
উল্লেখ্য, ২০১৪ সালে আদিত্যকে বিয়ে করার পর থেকেই রানি কমিয়ে ফেলেন কাজের সংখ্যা। বছরে একটা, কখনও আবার তিন বছরে একটা ছবি করেছেন। তবে সম্প্রতি আবার পুরানো ছন্দে ফিরেছেন রানি। এক সময় যশরাজ ফিল্মস্ ছাড়া কাজ করতেন না। এখন সেই নিয়ম ভেঙেছেন নিজেই। তবে, ব্যক্তিগত জীবনকে বরাবর ক্যামেরার বাইরেই রেখেছেন রানি ও আদিত্য। মেয়ে আদিরাকেও সে ভাবেই বড় করেছেন তারা। খানিক লোকচক্ষুর আঁড়ালেই ইটালিতে গিয়ে আদিত্যের সঙ্গে সাত পাক ঘোরেন রানি। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছে যখন কনেদের ভিড় শুরু হয়নি, তখন তার তৈরি পোশাক পরে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু, তার বিয়ের ছবি এখনও অধরা অনুরাগীদের কাছে।
