আলো ডেস্ক
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় র্যাব-৮ সদর দপ্তর এলাকায় কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় চালকের পিছনে থাকা অরোহী আহত হন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজউদ্দিন সুমন (৪৫) নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা এএসপি সৈয়দ আলীর ছেলে। আহত অরোহী মো. বেল্লাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুল হক জানিয়েছেন, নগরীর কালিজিরা ব্রিজ এলাকা থেকে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো মোটরসাইকেলটি। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীতগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে চালক ও আরোহী সড়কে ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চালক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত বেল্লালকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার সাথে সাথে কাভার্ডভ্যান ঘটনাস্থল থেকে সটকে পড়ে। কাভার্ডভ্যানটি চিহ্নিত করে চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
ওসি বলেন, নিহত সুমন একজন পুলিশ কর্মকর্তার ছেলে। তার পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছেন। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছেন বলে জানান তিনি।
