আলো ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় জনগণ, আর জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে ক্ষমতায় যেতে হবে, না হলে সেটি গ্রহণযোগ্য হবে না।
বুধবার (২০ মার্চ) বিকেলে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাগার থেকে মুক্ত হওয়া নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন মুক্তি চায় ,তারা ভোট দিয়ে নির্বাচিত একটি সরকার দেখতে চায়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বর্তমানে একটি গোষ্ঠী, একটি দল ব্যাংক নিয়ন্ত্রণ করছে , একটি গোষ্ঠী, একটি দল বাজার নিয়ন্ত্রণ করছে , আজকে একটি গোষ্ঠী, একটি দল সবস্থানে চাঁদাবাজি করে দেশের দ্রব্যমুল্য বৃদ্ধি করছে আর কোনো নিয়ন্ত্রণ নেই বাজার ব্যবস্থায়।
বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জাবেদ রেজার সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিংয়ের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির সহসভাপতি লুসাই মং ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।
এ সময় সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাগার থেকে মুক্ত হওয়া ৩১ নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
