ছবি সংগৃহীত
আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভোগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর করেছেন কুমিল্লা জেলা আদালত। বুধবার (২০ মার্চ) সকালে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী স্বর্ণ কমল নন্দী। বেলা ১২টার দিকে কুমিল্লা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আবু বক্কর সিদ্দিক আসামির জামিন নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, আদালতে দ্বীন ইসলামের জামিন নিবেদন আবেদন করেন তার আইনজীবী। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এদিকে মঙ্গলবার (১৯ মার্চ) একদিনের রিমান্ড শেষে সকালে দ্বীন ইসলামকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচ তলায় কোর্ট হাজতে রাখা হয়। পরে দুপুর সোয়া ১টায় একদিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বক্কর সিদ্দিক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা শহরে নিজেদের বাড়িতে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা (২৪)। তার বাবা প্রয়াত জামাল উদ্দিন সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। মা তাহমিনা ছিলেন কুমিল্লা পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক।
অবন্তিকার কয়েকজন বন্ধু জানান, তিনি ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের আম্মানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে আম্মানের পক্ষ নিয়ে তার (ফাইরুজ) সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেছেন।
এ ঘটনায় শুক্রবার রাত ও গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশসহ নানা প্রতিবাদী কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। দুজনকে গ্রেপ্তারে ১২ ঘণ্টা সময় বেঁধে (আলটিমেটাম) দেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাতে আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করা হয়।
