আলো ডেস্ক
ভারত মহাসাগর থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিয়ন্ত্রণে রাখা সোমালিয়ান জলদস্যুরা অবশেষে ৮ দিন পর যোগাযোগ করেছে। তবে শুরুতেই তারা মালিকপক্ষকে স্পষ্ট করে কিছু জানায়নি। তারা নিশ্চিত করেছে সকল নাকিব সুস্থ এবং নিরাপদে আছেন।
বুধবার (২০ মার্চ) জলদস্যুরা জাহাজের মালিকপক্ষের সাথে প্রথমবারের মতো যোগাযোগ করেছে বলে নিউজনাউকে নিশ্চিত করেছে কতৃপক্ষ।
জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার দুপুর আড়াইটায় নিউজনাউকে বলেন, ‘জলদস্যুরা যোগাযোগ (ফোন) শুরু করেছে। এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে। তবে শুরুতেই তো দেনদরবার নিয়ে কথা হয় না। এটা ধীরেধীরে আলোচনায় উঠে আসবে। আমরা ২৩ নাকিবকে দ্রুত ফিরিয়ে আনতে যা যা করার তার সবটুকু চেষ্টা চালাচ্ছি।’
মধ্যস্থতাকারী পক্ষের মাধ্যমেই জলদস্যুদের সাথে যোগাযোগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা মোটামুটি কয়েকদিন সময় নেবে। তবে তারা জানিয়েছে আমাদের নাবিকরা সুস্থ আছেন।
এদিকে, জলদস্যুদের কবল থেকে জাহাজটি উদ্ধারে অভিযান পরিকল্পনার কথা শোনা গেলেও নাবিকদের সুরক্ষার কথা চিন্তা করে তাতে সায় দেয়নি বাংলাদেশ।
এরআগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমভি আব্দুল্লাহ এবং জিম্মি নাবিকদের জলদস্যুদের হাত থেকে মুক্ত করতে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ।
প্রসঙ্গত, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জিম্মি হওয়ার কয়েক দিন পর পর্যন্ত জাহাজটির অবস্থানসহ বিভিন্ন তথ্য পরিবারের কাছে জানানোর সুযোগ পেয়েছিলো জিম্মি নাবিকরা। কিন্তু গত দু’দিন ধরে সে যোগাযোগও বন্ধ।
