ছবি সংগৃহীত
আলো ডেস্ক
নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দারগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
নিহতরা হলেন, জেলার সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজ পাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের (৫৭) ও নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে নুরে আলম সিদ্দিকী। আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহর থেকে চার যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নীলফামারীর দিকে যাচ্ছিল। এসময় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড়দরগা এলাকায় অটোরিকশাটি আসা মাত্র পিছন থেকে নীলফামারীগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও একজন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতকে হাসপাতালে পাঠান।
এদিকে, ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
