ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বারনই নদীতে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ আলি মন্ডল (৪৮) নামের একজন জেলে নিখোঁজ হয়েছে।
তিনি এই উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়নের হরিরামপুর চাঁদপুর গ্রামের মৃত নইমউদ্দীন এর ছেলে। নিখোঁজ ব্যক্তির স্ত্রী গোলাপী বেগম আমাদের প্রতিবেদককে বলেন, গত ৩১শে অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারনই নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন তার স্বামী।
প্রতিদিনের মত মাছ ধরে বাড়িতে না আসার জন্য তার পরিবার ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পাননি।
রাজশাহী থেকে ডুবুরী দল এসেও তার সন্ধান করতে পারেননি। স্বামীর সন্ধান না পেয়ে স্ত্রী গোলাপী বেগম মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন গত ৪ঠা নভেম্বর।
এই ব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম আমাদের প্রতিবেদককে বলেন, থানায় একটি সাধারণ ডায়েরী হওয়ার পর আমরা তার সন্ধানের জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।
