ছবি সংগৃহীত
আলো ডেস্ক
মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মাজম আলী বেপারী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মার্চ) দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট রাত ১০ টার দিকে শত্রুতার জেরে আসামি সোহাগ কাঁচামাল ব্যবসায়ী মাজমকে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্যান্য আসামিদের সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ৪ আগস্ট সকাল ৬টার দিকে মাজমের লাশ সোহাগদের চৌচালা টিনের ঘরের উত্তর পশ্চিম পাশে পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জেলেকা বেগম ৮ জনের নামে ও আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় ২০১৬ সালের জুন মাসের ২৯ তারিখে মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ওসি মো. আমিনুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার এবং আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা, খলিলুর রহমান খলিল ও মো. শাহজাহান।
