আলো ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ করেছে র্যাব। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ছিলিমপুর বাজারের একটি পাটের গুদামে অভিযান চালিয়ে ৭৩ বস্তা চাল জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আবদুল আজিজ মন্ডল ও একই উপজেলার চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. সোহেল।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ছিলিমপুর বাজারের সেকান্দরের পাটের গুদাম থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ২৩ বস্তা চাল জব্দ করা হয়।
এ সময় মিনি ট্রাকে রাখা আরও ৫০ বস্তাসহ মোট ৭৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। তিনি আরও জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারে জড়িত থাকার অভিযোগে আবদুল আজিজ মন্ডল ও মো. সোহেলের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মামলা করা হয়েছে।
