আলো ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে এক শিশু শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে।
ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম জানান, শনিবার সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৪ বছর বয়সী তৈয়বার মৃত্যু হয়েছে।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩২ জনের মধ্যে তিনজনের মৃত্যু হল। এছাড়া একজন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন।
ইনস্টিটিউটের আইসিইউ কনসালটেন্ট ডা. একরামুল হক গণমাধ্যমকে বলেন, তৈয়বার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। তার শ্বাসনালীও পুড়ে গেছে। আমাদের আইসিইউতে ভর্তি ছিল সে।
এদিন সকালে বার্ন ইনস্টিটিউটে মনসুর আলী (৪৫) নামে একজন মারা যান। এর আগে গত ১৫ মার্চ ওই ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান মোল্লা নামে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজন।
বুধবার সন্ধ্যায় ইফতারের আগে আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ওই ঘটনা ঘটে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, একটি বাসা থেকে গ্যাস বের হতে থাকা গরম সিলিন্ডার ভেজা চট দিয়ে মুড়িয়ে বাইরে রেখে যান পরিবারের কেউ একজন। স্থানীয়দের অনেকে কৌতূহলী হয়ে এগিয়ে এসেছিলেন সেটা দেখতে। সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
সে সময় পাশের আরেকটি বাসায় চুলা ধরাতে গেলে পুরো রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে। তাতেই দগ্ধ হয় সবাই।
ওই ঘটনার পর দগ্ধ ৩২ জনকে রাতেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
