বিনোদন ডেস্ক
কয়েক বছর ধরে সমাজমাধ্যমে আলোচ্য ছিল বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা মধুবালার বায়োপিক নাকি তৈরি হচ্ছে। নেপথ্যে ছিল একটি ইউটিউব ভিডিও। যদিও পরে জানা যায় সেটি নকল ছিলো।
বিরতির পর আবারো আলোচনায় এসেছে মধুমালার বায়োপিক নিয়ে। তবে এবার গুঞ্জনটি আর মিথ্যে নয়। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৫ মার্চ) নির্মাতার নিজেই এর ঘোষণা দিয়েছেন। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
জানা যায়, প্রয়াত অভিনেত্রী মধুবালার বায়োপিক তৈরির প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। জাসমিত কে রিন পরিচালিত সিনেমাটির নাম ‘মধুবালা’।
শুক্রবার এই ছবির ঘোষণা করে নির্মাতারা সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘মধুবালার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে আমাদের পরবর্তী ছবির ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। বলিউডের বৈগ্রহিক অভিনেত্রীর চিরকালীন আবেদন ও অজানা আখ্যান জানতে প্রস্তুত হোন।’’
১৯৪২ সালে ‘বসন্ত’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন মধুবালা। ১৯৫৮ সালে মুক্তি পায় তার অভিনীত ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ ছবিগুলি। তবে দু’বছর পরে মুক্তিপ্রাপ্ত ‘মুঘল এ আজম’ ছবিতে আনারকলি চরিত্রে তার অভিনয়কে ক্যারিয়ারের শ্রেষ্ঠ কাজ বলে মনে করেন অনেকে। বিবাহসূত্রে কিশোর কুমারের সঙ্গে আবদ্ধ হয়েছিলেন মধুবালা। কিন্তু মাত্র ৩৬ বছর বয়সে তার জীবনাবসান হয়।
মধুবালার বায়োপিকে নামভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অনুরাগীদের একাংশের মতে এই চরিত্রে আলিয়া ভাটই শ্রেষ্ঠ নির্বাচন হতে পারেন। যদিও নির্মাতারা আনুষ্ঠানিক ভাবে কারও নাম ঘোষণা করেননি।
উল্লেখ্য, এর আগে জাসমিত কে রিন আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ ছবিটি পরিচালনা করেছিলেন।
