আলো ডেস্ক: নরসিংদীতে পুলিশ হেফাজতে সুজন নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হ্যান্ডকাপ পরা অবস্থায় নিহতের লাশ হাড়িদোয়া নদী থেকে উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে শহরের হাজিপুরে এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা (২২) হাজিপুর দাসপাড়া এলাকার অজিত সাহার ছেলে। তিনি শেকেরচরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
নিহতের পরিবারের দাবি, গ্রেপ্তারের পর পুলিশ তাকে বেদম মারধর করে। এতে তার মৃত্যু হলে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে নদীতে ফেলে দেয়।
তবে পুলিশ বলছে, নিহত সুজনকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় তিনি পুলিশের ওপর হামলা করেন এবং পালিয়ে যেতে নদীতে ঝাঁপ দেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, সুজন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।
পুলিশ হেফাজতে মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, থানায় নেওয়ার সময় সুজন পুলিশ কর্মকর্তা মোজাম্মেল ও কনসস্টেবল মাইনুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। পরে সে পালিয়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দেয়। তার হামলায় দারোগাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
