ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। আহত হয়ে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার উত্তর-মধ্য শহর অনুরাধাপুরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় থিরিমান্নে কতটা আহত হয়েছেন, তা এখনো জানা যায়নি। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘থিরিমান্নের গাড়িটি একটি লরির সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছে। এ দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।’
যদিও থিরিমান্নের বর্তমান অবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারর জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন পরিবার ও ভক্তরা।
গত বছরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান থিরিমান্নে। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। এমনকি নির্বাচকদের রাডারেও ছিলেন না এই টপ অর্ডার ব্যাটার। সেটি নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন। যে কারণে দলে ফেরার আশাটাও ছেড়ে দিয়ে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দেন থিরিমান্নে। অবসরের পরও আলোচনায় ছিলেন না সাবেক এই ব্যাটার।
২০১০ সালে ঢাকার মিরপুরে এক ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় থিরিমান্নের। পরের বছর সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক। ২০১৪ সালে শ্রীলংকার টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। মোট ৩টি টি-২০ বিশ্বকাপ দলের অংশ ছিলেন এবং দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন।
