ছবি সংগৃহীত
আলো ডেস্ক
জাল ভিসা ও ভুয়া ওয়ার্ক পারমিট দেখিয়ে তুরস্কে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।
চক্রের দুই সদস্যকে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মার্চ) মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ এলাকার মোতালেব খানের ছেলে উজ্জ্বল খান এবং একই এলাকার মোহাম্মাদ এমরান হোসেন শাওনের স্ত্রী রোজিনা খাতুন।
থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মানবপাচারকারী চক্রটির ওপর নজর রাখছিল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের ঢাকা উইং। সংস্থাটির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ভুক্তভোগীদের একজন শরীয়তপুর জেলার রাকিব নামে এক তরুণ। তিনি বলেন, তুরস্কে যাওয়ার কথা চলছিল তার। সেই সূত্রে উজ্জ্বলের সঙ্গে পরিচয়। উজ্জ্বল ও তার সহকারী এমরান মিলে আরও কয়েকজনের কাছে থেকে ব্যাংকের মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা করে নেন। পরে ভিসা চাইলে বেশ কিছুদিন পর ভিসাসহ পাসপোর্ট ফেরত দেন। কিন্তু সেগুলো যাচাই করতে গিয়ে দেখেন ভিসা ভুয়া।
পুলিশ ও এনএসআই কর্মকর্তারা বলছেন, এ চক্রের আরও কয়েকজন তাদের নজরদারিতে রয়েছেন। তাদেরও গ্রেপ্তার করা হবে।
