ছবি সংগৃহীত
আলো ডেস্ক লালমনিরহাটের আদিতমারী স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন আটকিয়ে অবরোধ করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার উদ্বোধনের প্রথম দিনেই রাতে ওই স্টেশনে আধা ঘণ্টা সময় ধরে ট্রেনটি আটকিয়ে বিক্ষোভ করে তারা। পরে রেলওয়ে কর্তৃপক্ষের ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায়ের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
অবরোধকারীদের দাবি, জেলার ৫টি উপজেলার মধ্যে অন্যতম স্টেশনটিতে দীর্ঘ দাবির ফসল বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি না রেখেই পরিপত্র জারি করা হয়। যাতে উপজেলাবাসীর ভোগান্তি কমবেনা। শান্তিদায়ক ভ্রমণ ও উপজেলার কৃষি পণ্য পরিবহনে এই স্টেশনে যাত্রা বিরতির দাবি আন্দোলনকারীদের। এ সময় রেল লাইনে শুয়ে অবরোধ করে সাধারণ মানুষ। ৮:৪৫ থেকে ৯:১৬ পর্যন্ত অবরোধ থাকার পরে রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পুরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
গতকাল এ নিয়ে মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয়রা। এছাড়াও বুড়িমারীতে উদ্বোধন শেষে বিকেলে ফেরার পথে রেলওয়ে জিএমের ট্রেন আটকে বিক্ষোভ করেছে আদিতমারী উপজেলাবাসী, পরে তার যাত্রাবিরতির আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়।
আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই স্টেশনে যাত্রাবিরতি না থাকলে আমাদের কোন উপকারেই আসবেনা। এমনকি আমাদের ভাগে কোন টিকেট ও থাকবেনা। এখানে টিকেট কাটারও সুযোগ থাকবেনা। তাই আমরা এসকল সুযোগ চাই। আমাদের দাবি মেনে নেয়া না হলে আবারও শান্তিপূর্ণ আন্দোলন করা হবে।
