ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদরের পদ্মানদীর সিঅ্যান্ডবি ঘাট এলাকার বাঁশতলা নামক স্থান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে এলাকাবাসী ওই মরদেহটি বাঁশতলা খেয়াঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিঅ্যান্ডবি ঘাট নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, মরদেহটি অন্য এলাকার মনে হচ্ছে না, তাই পরিচয় পাওয়া যায়নি। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি দুই-তিন দিনের পুরনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস শেখ বলেন, সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সিঅ্যান্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করি। মরদেহের গায়ে সাদা কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিন্সের প্যান্ট পরিহিত ছিল। মরদেহের গলায় একটি মাফলার পেঁচানো ছিল। মরদেহের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
