ছবি সংগৃহীত
আলো ডেস্ক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে ঘিরে মারামারির ঘটনায় করা মামলায় বিএনপি-জামায়াতপন্থি সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ। আজ রবিবার (১০ মার্চ) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ এই রিমান্ড আবেদন করেন।
জানা গেছে, কিছুক্ষণের মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে শুক্রবার (৮ মার্চ) শাহবাগ থানায় মামলা করা হয়। মামলায় এক নম্বর আসামি করা হয় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে। আর দুই নম্বর আসামি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
৯ মার্চ এই মামলায় কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী নামে পাঁচ আইনজীবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
